সর্বদলীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কালিমালিপ্ত করে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে অথবা জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচনের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।’
গতকাল বেলা ১টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান রিপন।
রিপন বলেন, ‘ডাকসু নির্বাচনে আগে যারা পরাজিত হতেন তারা শুধু অভিযোগ করতেন। এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সব প্যানেল ভোট কারচুপির অভিযোগ করেছে। এমনকি যারা জয়ী হয়েছেন, সেই ছাত্রশিবিরও নির্বাচন শেষ হওয়ার আগে ভোট কারচুপির অভিযোগ করেছে। ডাকসুতে সব প্যানেলের ভোট কারচুপির অভিযোগ নির্বাচনকে কালিমালিপ্ত করেছে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নির্বাচনের ফলাফল কোনোভাবেই জাতীয় নির্বাচনের ওপর প্রভাব ফেলবে না। জাতীয় নির্বাচনের কার্যক্রম পুরোদমে শুরু হয়ে গেছে। এ নির্বাচনে কোনো রকম অনিয়মের সুযোগ দেয়া হবে না।’
আসাদুজ্জামান রিপন বলেন, ‘ডাকসু নির্বাচনে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে তা গুরুত্ব সহকারে দেখেছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে সেটি মাথায় রেখেই প্রস্তুতি নেয়া হচ্ছে।’
মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনায় বালি উত্তোলনের সঙ্গে জড়িতরা বিএনপির দুর্বৃত্ত বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অবৈধভাবে বালি উত্তোলন নদীভাঙনের অন্যতম কারণ।’










