কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে দিনব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। তাদের দাবি, নতুন পদ্ধতিতে শুধু প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ন্যুনতম কোটা রাখা হোক।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, তাদের পূর্বঘোষিত চার দফা দাবি থেকে এক দফা দাবিতে অনড় রয়েছেন তারা। আদালতের রায় তাদের পক্ষে এলেও কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসড়ক অবরোধ শুরু করেছি আমরা। আমাদের এক দফা অত্যন্ত পরিষ্কার। এ দাবি না আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

এছাড়া কোটা বাতিলের দাবিতে আজও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ – এ ধরণের  স্লোগান দিতে থাকেন।

এর আগে গতকাল ৯ জুলাই শিক্ষার্থীরা সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়ক অবরুদ্ধ করার ঘোষণা দিয়ে দিন ব্যাপী অবরোধ ঘোষণা করেন।