পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাতভর ডাকাত আতঙ্কে ছিল এলাকাবাসী। পুলিশ ও ডিবির যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য ও এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শনিবার গভীর রাত থেকে রোববার (২ মার্চ) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আটকরা হলেন— চোরাকারবারি শাহারুল ইসলাম, আনোয়ার হোসেন (৪১), তহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (৩৫), হাসানুর ও আয়নাল।
পুলিশ জানায়, ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্কুল বাসে ডাকাতির পর ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়। টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল ডাকাতদের অবস্থান নিশ্চিত করতে রংপুরে আসে। পরে তাদের অবস্থান পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনাক্ত করা হয়।
তেঁতুলিয়ার আজিজনগরে বেলায়েত মাস্টারের বাড়িতে ডাকাতির খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। রোববার সকালে ডাকাতরা বাসযোগে পালানোর সময় ভজনপুর চেকপোস্টে তাদের আটক করা হয়। এ সময় আনোয়ার হোসেন নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশ। তিনি ডাকাতদের পরিবহনের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, গভীর রাতে বেলায়েত হোসেনের বাড়িতে আট থেকে দশজনের ডাকাত দল আড়াই ভরি স্বর্ণ ও ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামেও ডাকাতির চেষ্টা করা হয়।
পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম জানান, ছয়জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।










