গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ১৪ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে সালনায় এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে ভোর ৪টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান।
তিনি বলেন, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। সবশেষ রোববার দিবাগত রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামত কাজ সম্পন্ন হয়। পরে রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পাড় হয়ে ঢাকায় প্রবেশ করে।
এদিকে, ঢাকামুখী পাঁচটি যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৪ এপ্রিল) এই ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়। গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের বিলম্বতা ও যাত্রীদের দুর্ভোগ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যে ট্রেনগুলোর যাত্রা বাতিল হয়েছে সেগুলো হলো- সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ ৭৭৫/৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী ৭৫৪/৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় ৭৯৪/৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা- চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ-ডাউন এক্সপ্রেস।
পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, ঈশ্বরদী-ঢাকা রেলরুট ট্রেন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রুট। এ রুট দিয়ে উত্তর-দক্ষিণাঞ্চলের সব যাত্রীবাহী, মেইল এবং লোকাল ট্রেন চলাচল করে। রোববার দুপুরে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ৪০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।










