কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড.  মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গত বছর দাম কম পাওয়ায় এ বছর আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। এছাড়া আমরা কিছু আলু রফতানিও করেছি। তারপরও আলুর দাম এত বেশি হওয়া উচিত নয়। এটি হয়েছে সিন্ডিকেটের কারণে। আমরা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ৪৮ ঘণ্টা কেন, ৪৮ দিনের আল্টিমেটামেও সফল হবে না। বিএনপি ১৫ বছর ধরে আন্দোলন করে যেখানে ছিল, সেখানেই আছে। নির্বাচনের আর তিন মাস বাকি আছে। এই তিন মাসে বিএনপি যত আল্টিমেটাম দিক, বোমাবাজির কথা বলুক, সন্ত্রাসের কথা বলুক কিছুতেই তারা সফল হবে না। আমার শুধু দুঃখ লাগে বিএনপির আন্দোলন আবারো ব্যর্থতায় পর্যবসিত হবে আর তাদের কর্মীরা হতাশায় নিমজ্জিত হবে।

আব্দুর রাজ্জাক বলেন, কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমেরিকা ভিসা নীতি দিয়ে থাকতে পারে, কী কারণে সেটি করেছে, তা জানি না। আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। তার অধীনেই সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জানুয়ারি মাসেই এই নির্বাচন হবে। কারো ভিসা নীতিতে আমাদের কিচ্ছু যায় আসে না। ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক এস এম সোহরাব উদ্দিন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাশার, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেকসহ অনেকে।