টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার পৌলি ও সল্লা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে পৃথক দুর্ঘটনা ঘটে৷

নিহতদের মধ্যে একজন সদর উপজেলার গালা এলাকার নূর নব্বীর মেয়ে চায়না আক্তার (২৫)। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন, পৌলি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে সল্লায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে দুপুরে তার মৃত্যু হয়।