নোয়াখালীর সেনবাগে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুল কাদের (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের সেনবাগ উপজেলার ওই এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে। এ ঘটনায় বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন একই এলাকার মমিনুল হক লিটন (৪০) ও তার ছেলে এবায়দুল হক আকাশ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবদুল কাদের ও মমিনুল হক লিটনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লিটনের লোকজনের হামলায় বৃদ্ধ আবদুল কাদের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লিটন ও তার ছেলে আকাশকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।