সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া চান্দের গাড়িচাপায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারা গেছেন। আর হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় মৃত্যু হয়েছে এক শিক্ষকের। প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় আপন দুই ভাইসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর সদিক গ্রামের করিম মন্ডলের দুই ছেলে সুমন মন্ডল (২৫) ও ইমন মন্ডল (২২) এবং তাদের চাচাতো ভাই আশিক মোল্লা (২২)।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই রাসেল জানান, সংবাদ পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলের তিন আরোহীর মরদেহ সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকায় দীর্ঘ সময় ধরে যান চলাচলে বিঘ্ন ঘটে।
হাটহাজারী (চট্টগ্রাম): সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান হোসেন চৌধুরী (৪২) নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত এমরান চৌধুরী উপজেলা সদর থেকে দলীয় সভা শেষ করে শনিবার রাত দেড়টার দিকে চারিয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় চারিয়া বাজারে পেছন থেকে একটি চান্দের গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এ ঘটনায় চান্দের গাড়িটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক এখনো পলাতক।
হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু সকালে দুজনকে সঙ্গে নিয়ে মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক ধরে নতুনবাজার এলাকায় হাঁটতে যান। সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছলে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনায় রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










