বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রফতানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় রফতানি ট্রফি পাচ্ছে ৭৭ রফতানিকারক। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি পাবে একটি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে ব্যবসায়ীদের হাতে এসব ট্রফি তুলে দেবেন।

রাজধানীর টিসিবি ভবনে গতকাল এক সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান। এ সময় বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রফতানিতে ২০২১-২২ অর্থবছরে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি পাচ্ছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। 

এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে ট্রফি বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।

জানা গেছে, জাতীয় রফতানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণ করে মোট ৩২ খাতের রফতানিকারকদের মধ্য থেকে ২০২১-২২ অর্থবছরের জন্য ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করেছে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটি। তারা মূলত রফতানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়ন করেছে। প্রতিটি খাতের জন্য কৃতী রফতানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ ট্রফি দেয়া হবে। এছাড়া সব খাতের মধ্য থেকে সর্বোচ্চ রফতানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে দেয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি। এর মধ্যে একটি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জ ট্রফি দেয়া হবে।