চট্টগ্রামের পটিয়া উপজেলার পুরনো আরকান মহাসড়কের মিলিটারি পুল এলাকায় ডাম্পার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে সিএনজি চালক, এক নারী ও তার শিশু সন্তান। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে মহাসড়কের মিলিটারি পুল এলাকার পটিয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবদুল বাতেন এ তথ্য নিশ্চিত করেন। 

তাৎক্ষণিকভাবে নিহত মা-ছেলের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহত সিএনজি চালক আনোয়ারের (৫৫) বাড়ি বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকায়।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি মিলিটারি পুল অতিক্রম করে পটিয়া অংশে পার হওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও তার ৭-৮ বছর বয়সী ছেলে নিহত হয়।

এদিকে দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবদুল বাতেন জানান, মিলিটারি পুল এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার কাজে অংশ নিয়ে হতাহতদের উদ্ধার করে।  এ সময় নিহত দু’জনকে সিএনজি থেকে বের করে ফায়ার সার্ভিসের মাধ্যমে পটিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনজির চালক বোয়ালখালী হাসপাতালে মারা গেছেন।