বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও শ্রেণীকক্ষ ভাংচুরের ঘটনায় আট শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানান উপাচার্য ড. মো. শওকাত আলী।

বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাফায়েত হোসেন শুভ, শাহরিয়ার অপু, সজীব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার, জিহাদ ও আশরাফুল‌ ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। পরে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ভাংচুর করা হয় কয়েকটি শ্রেণীকক্ষ, আহত হন কয়েকজন।