নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
নিহত বাবু প্রামানিক নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত শমসের প্রামানিকের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে স্ত্রীর ওপর অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে রানীনগর রেলওয়ে স্টেশনে গিয়ে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।
রানীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল খালেক জানান, সকাল ৮টা ৪৮ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করে। তখন বাবু প্রামানিক রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ জানান, স্থানীয়রা ট্রেন আসার সময় বাবু প্রামানিককে ডাকলেও তিনি সাড়া দেননি। অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।










