মাদারীপুরের শিবচরে কৃষি প্রযুক্তি মেলা আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

গণপূর্তমন্ত্রী শনিবার (১৩ জুলাই) মেলার উদ্বোধন করেন। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন স্থান থেকে ৩৩টি স্টল অংশ নিয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

পরে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন দাদাভাই উপশহরে মন্ত্রণালয় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এই মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ৫ লাখ বৃক্ষ রোপণের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় মাদারীপুরে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।