ফুরিদপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া জামালপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ফরিদপুর: পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঝিনাইদহে যাচ্ছিল নিউ মডার্ন পরিবহনের একটি বাস। ভাঙ্গার কৈডুবী রেল ক্রসিংয়ে বিপরীত দিক আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হয়েছেন আরো চারজন। খবর পেয়ে স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

নিহতরা হলেন নুরনাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২২) ও নাতনি রায়ান (৩)। তারা ভাঙ্গা উপজেলা সদর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। নিহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, বাসটি আটক করা হয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ হাইওয়ে থানার রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর: ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার রাতে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে দিপু ওরফে বাবু (২২) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে রাসেল (২২)।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এসএম নূর মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

নাটোর: বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় জসিম উদ্দিন সরকার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর আকবর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার চান্দাইদাস গ্রামের খালেক সরকারের ছেলে। তিনি মোটরসাইকেলে কর্মস্থল পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে যাচ্ছিলেন।

অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের হরিশপুর বাস টার্মিনাল এলাকায় ট্রাকচাপায় সুমন হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরশহরের উত্তর হারোয়া মহল্লার রাজ্জাক হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোলে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আসাদুজ্জামান রুবেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে নেজামপুর-হাটবাকইল সড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল রাজশাহীর তানোর উপজেলার চৈতপুর গ্রামের আমিনুল ইসলাম হায়দারের ছেলে। মোটরসাইকেলে তিনি কাজে যাচ্ছিলেন।

চট্টগ্রাম: হাটহাজারীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুহাম্মদ কাউসার (২৯) ফটিকছড়ি উপজেলার ভুজপুরের নারায়ণহাট ইউনিয়নের নতুনপাড়ার বাসিন্দা।

ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার ওসি মুহাম্মদ শাহাবুদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন, তাদেরও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।