সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধী বুঝি না, আমরা বুঝি প্রতিবন্ধীরা আমাদের কাছে শিশু। আমরা শুধু বুঝি যেকোনো পরিবেশে, যেকোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমরা বদ্ধপরিকর।
আজ শুক্রবার (৭ মার্চ) জাতীয় সংসদের পশ্চিম পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৫’ উপলক্ষে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে প্রতিবন্ধী মহিলা ক্রীড়াবিদদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং জাতীয় ক্রীড়াবিদদের জন্য প্রস্তুতকৃত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের শুভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনে নিহত ফারহান ফাইয়াজের বাবা শহিদুল্লাহ ইসলাম ভূঁইয়া বক্তব্য দেন।
উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিশুদের প্রতি আমাদের নিবেদন, আমাদের ভাবনা, আমাদের চিন্তা গভীরভাবে উপলব্ধি করছি এবং তাদের যেখানে যেখানে সম্ভব সেখানে তাদেরকে এগিয়ে দেব এবং তাদের স্বশক্তি দিয়ে তারাও দাঁড়াবে এ আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা প্রতিবন্ধী মহিলা ক্রীড়াবিদদের ফুটবল খেলা উপভোগ করেন। পরে তিনি প্রতিটি খেলোয়াড়ের মধ্যে মেডেল প্রদান করেন এবং চ্যাম্পিয়ন লাল দল ও রানার্সআপ সবুজ দলকে ট্রফি প্রদান করেন।








