বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব (সেক্রেটারি জেনারেল) হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম।

বিজিএমইএ জানায়, সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও উচ্চশিক্ষা খাতে তার ৩৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাষ্ট্রের 'লিজিয়ন অব মেরিট' পদকে ভূষিত হন।

ড. সাহেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জন করেন। এছাড়া এমবিএ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি রয়েছে তার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডিন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন।

বিজিএমইএর নেতারা আশা প্রকাশ করছেন, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনীতির অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্ব দিয়ে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ড. মো. সাহেদুল ইসলাম বলেন, দেশের পোশাক খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন, বিজিএমইএ’তে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তিনি বিজিএমইএ পর্ষদ ও সব উদ্যোক্তাদের সঙ্গে একযোগে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।