‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না চলে না’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও’ এমন অসংখ্য জনপ্রিয় গানের জনক বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এই দিনে ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এ গুণী শিল্পী। ১৯১৬ খ্রিস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি শাহ আব্দুল করিম সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন।

বাউল সম্রাট শাহ আব্দুল করিম বাংলা সংগীতের জগতে ছিলেন জীবন্ত কিংবদন্তি। বাংলার মাটির মমতায় তার বাণী ছিল পুষ্ট। দেশজ লোকসংস্কৃৃতি ও সাহিত্যকে শুধু সমৃদ্ধ করেছেন। গেয়েছেন দেশপ্রেম, গণসংগীত, দেহতত্ত্ব, মারফতিসহ নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির অসংখ্য গান।

শাহ আব্দুল করিম পরিষদ দিরাই শাখার সভাপতি আপেল মাহমুদ বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবারো তার নিজ গ্রাম উজানধলে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল ও দোয়া, আলোচনা সভা ও রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত করিমগীতির আসর।