সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে খেলা করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫),
একই গ্রামের দীপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা রানী দাস (৭)।
স্থানীয়রা জানায়, সকালে ওই তিন শিশু খেলাধুলা করতে বের হয়। দুপুর গড়িয়ে বিকাল হলেও বাসায় না ফেরায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বিকালে তিন শিশুর মরদেহ গ্রামের পাশে বালি বিল থেকে উদ্ধার করে স্বজনরা। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মাদারেরচর মাস্টারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের সুরুজ্জামানের মেয়ে আয়াত (৩) ও মোতালেব মিয়ার মেয়ে সিনহা (৩)।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেন খান জানান, বাড়ির পাশের গর্তে জমি থাকা পানিতে পড়ে দুই শিশু মারা যায়।










