গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৩ মার্চ) সকাল আটটার দিকে ভোগড়া বাইপাস এলাকার একটি পোশাক কারখানা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় শ্রমিকরা মহাসড়কের মাঝখানে একটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার একজন নারী শ্রমিক কারখানার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এরই সূত্র ধরে আজ ঐ প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভ শেষে মহাসড়কের মাঝখানের টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। পরবর্তীতে কারখানার সামনে থাকা একটি প্রাইভেটকার মহাসড়কের মাঝখানে এনে আগুন দেয়। একই সময় একটি মোটরসাইকেলেও আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, গতকাল প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। যার পর্যাপ্ত সিসি ফুটেজ কারখানার কর্তৃপক্ষের কাছে রয়েছে। পরবর্তীতে আমাদেরকে সরবরাহ করেছে। ধারণা করা হচ্ছে, ওই নারী শ্রমিক ব্যক্তিগত কারণে আত্মহত্যা করতে পারে। আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এবং কারখানার সামনে থাকা একটি গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।