দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। দুই দিনের ব্যবধানে ভরিতে
এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম)
স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছিল ১ লাখ ২২ হাজার
৯৮৫ টাকায়।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে
এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার (২১ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে
জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং
কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান
মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া নতুন দামে ২১ ক্যারেট
স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১ হাজার ৮৬২ টাকা এবং
সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ৮৪ হাজার ২১৪ টাকায় বিক্রি হবে।
তবে স্বর্ণের দাম বাড়লেও রৌপ্যের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।








