পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১ টাকা ৬৭ পয়সা। হিসাব বছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ৫৬ পয়সা। 

২০২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচারলক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৯ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ২৯ পয়সা। 

২০২১ হিসাব বছরে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। 

২০২০ হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এর মধ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ পান সাধারণ শেয়ারহোল্ডাররা। আর ৮ শতাংশ স্টক লভ্যাংশ পান সব শেয়ারহোল্ডার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ২৫ পয়সায়।

২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯২ কাটি ৬২ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ১০ কোটি ৯৭ লাখ ৮২ হাজার। এর মধ্যে ৩০ দশমিক ৬৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১০ দশমিক ৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ২৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৫৮ দশমিক ৪৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৩৯ টাকা ৯০ থেকে ৩৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।