দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড কনকার সৌজন্যে আবারো শুরু হতে যাচ্ছে পারিবারিক বিনোদনমূলক রিয়েলিটি প্রতিযোগিতা ‘কনকা সেরা পরিবার’। টানা চার মৌসুমের তুমুল দর্শকপ্রিয়তার পর এবার অনুষ্ঠানটির পঞ্চম মৌসুম শুরু হচ্ছে। নতুন পর্বে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব খেলাধুলা এবং তারকাদের উপস্থিতিসহ নানা নতুন আয়োজন।
শনিবার (৩ অক্টোবর) ঢাকার গুলশানে অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর জানানো হয়।
সংবাদ সম্মেলনে নতুন মৌসুমের লোগো উন্মোচন, আনুষ্ঠানিক উদ্বোধন এবং মূল সুর পরিবেশন করা হয়। আয়োজকেরা জানান, নতুন পর্বে অংশগ্রহণের নিয়ম এবং প্রতিযোগিতার নানা দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে। বেসকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
প্রতিযোগিতার জন্য নিবন্ধন প্রক্রিয়া আজ ৩ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী দুজন সদস্য মিলে একটি দল গঠন করে নির্ধারিত এনটিভিবিডি ডটকম ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন করতে পারবেন। এছাড়া দেশজুড়ে ইলেক্ট্রো মার্টের শোরুমে সরাসরি গিয়েও নিবন্ধনের সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুসসাফা মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফছার, পরিচালক নুরুল আজিম সানি ও পরিচালক সিনথিয়া কায়নাথ নূর উপস্থিত ছিলেন।
একই সঙ্গে প্রতিষ্ঠানের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী এবং খুচরা বিক্রি পরিচালনা বিভাগের জাতীয় বিক্রয় ব্যবস্থাপক মো. জুলহক হোসাইন উপস্থিত ছিলেন।
প্রচারণা সহযোগী সংস্থা মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠান এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারাও এতে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পরিকল্পনা ও প্রাথমিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। এরপর সম্প্রচারকারী চ্যানেল এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ।
সবশেষে কনকার পক্ষে বক্তব্য উপস্থাপন করেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সিনিয়র জাতীয় বিক্রয় ব্যবস্থাপক মো. জুলহক হোসাইন, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফছার।
—বিজ্ঞপ্তি










