ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (ক্র্যাব) ১০৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীর স্কয়ার সেন্টারে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্র্যাব চেয়ারম্যান নূর এ আলম চৌধুরী।

এ সময় বোর্ড সদস্য তপন চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্সের প্রতিনিধি আসিফ সাদ বিন শামস ও তানিয়া নুসরাত জামান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রতিনিধি মো. নূরুল হুদা এবং ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেদ শামস আজাদ উপস্থিত ছিলেন।

সভায় চলমান বাজার পরিস্থিতি ও চ্যালেঞ্জ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে ক্রেডিট রেটিং সেবা সম্প্রসারণে ক্র্যাবের নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানের করণীয় তুলে ধরা হয়।

সভায় বোর্ড সদস্যরা জানান, দেশের আর্থিক খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নির্ভরযোগ্য ও মানসম্মত ক্রেডিট রেটিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সঠিক ও স্বচ্ছ রেটিং প্রক্রিয়া নিশ্চিত করতে ক্র্যাবের ভূমিকা আরো জোরদারের আহ্বান জানানো হয়।