তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে সিটি ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রাইম ব্যাংকের প্রধান উদ্যোগ প্রাইমঅ্যাকাডেমিয়ার আওতায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আর্থিক সাক্ষরতা, অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয়ের অভ্যাস, ব্যাংকিং বিষয়ে সচেতনতা ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়। সচেতন আর্থিক সিদ্ধান্ত নেয়া, সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য আর্থিকভাবে সক্ষম হয়ে উঠতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ সহসভাপতি ও আর্থিক অন্তর্ভুক্তি এবং স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান আর্থিক সাক্ষরতা ও সঠিক অর্থ ব্যবস্থাপনা বিষয়ে মূল বক্তব্য দেন। তরুণদের স্বাস্থ্যকর আর্থিক অভ্যাস গড়ে তোলা, আয় ও ব্যয়ের সঠিক ব্যবস্থাপনা, নিয়মিত সঞ্চয়, সচেতনভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি আর্থিক কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

এ সময় প্রাইম ব্যাংকের ৩১ বছরের পথচলার বিভিন্ন দিকও তুলে ধরেন এম এম মাহবুব হাসান। ব্যাংকিং সেবার পরিবর্তনের সঙ্গে তরুণ প্রজন্মের পরিবর্তিত প্রত্যাশা, সুযোগ ও দায়িত্বের বিষয়গুলোও তিনি তুলে ধরেন।

প্রাইম ব্যাংকের নির্বাহী সহসভাপতি ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ মুর্তজা হাসান ব্যাংকিং বিষয়ে সচেতনতা, সঞ্চয় সংস্কৃতি ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে একটি তথ্যবহুল পর্ব পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার (অব.) মো. লুৎফর রহমান। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক কাজী শাহাদাত কবীর, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।

আলোচনার বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ এবং দায়িত্বশীলভাবে অর্থ ব্যবস্থাপনার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে তরুণদের আর্থিক সক্ষমতা ও সচেতনতার গুরুত্ব উঠে আসে।

প্রাইমঅ্যাকাডেমিয়ার ‘এমপাওয়ারিং ইয়ুথ’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যকার দূরত্ব কমানো এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রাইমঅ্যাকাডেমিয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে নিয়মিতভাবে কাজ করছে। আর্থিক সাক্ষরতা, আর্থিক অন্তর্ভুক্তি, নেতৃত্বের দক্ষতা ও দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরিতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

—বিজ্ঞপ্তি