রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ২৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। দৈনিক গড় হিসাবে যা ছিল ৩ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৬ ডিসেম্বর রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ২৬ টাকা ৮০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩১ টাকা ৯০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৫ টাকা ৩০ পয়সা ও ৩৭ টাকা ৫০ পয়সা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৫ পয়সায়।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৩৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৯২ পয়সায়।
কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।









