জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মিরসরাই শাখার উদ্যোগে সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্যে ব্যাংক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা নুরুল কবির। সভাপতিত্ব করেন ব্যাংকের এভিপি ও শাখাপ্রধান এম রুহুল আমিন।
ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ইউনিট অফিসার মো. আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহপ্রকল্প কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিনিয়োগ ইনচার্জ মো. আব্দুর রহমান। এ সময় মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মো. একরমুল হকসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জানান, ইসলামী ব্যাংক শুধু ব্যাংক খাতে সীমাবদ্ধ নেই। দেশের আর্থসামাজিক উন্নয়নে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। গ্রাহকদের ভালোবাসায় ব্যাংকটি অনেক দূর এগিয়ে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মিরসরাইয়ে সহস্রাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।










