২০২৩-২৪ মৌসুমে দক্ষিণ কোরিয়ার সয়াবিন উৎপাদন স্থিতিশীল থাকবে। তবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশটির সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। এগুলোর মাধ্যমে উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। খবর ওয়ার্ল্ডগ্রেইন।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচার পরিষেবা প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ মৌসুমে ১ লাখ ৩০ হাজার টন সয়াবিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ মৌসুমেও একই পরিমাণ ছিল। কোরিয়ার সরকার ২০২৭ সাল নাগাদ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার হার ৫৫ দশমিক ৫ শতাংশে উন্নীত করতে চাইছে। ২০২১ সালে যার পরিমাণ ছিল ৪৪ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে খাদ্যের জন্য সয়াবিনের ব্যবহার ২০২৭ সাল নাগাদ ৪৩ দশমিক ৫ শতাংশে উন্নীতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালে এ হার ছিল ২৩ দশমিক ৭ শতাংশ ।
দক্ষিণ কোরিয়ায় তেলবীজের মধ্যে সয়াবিনের ব্যবহার সবচেয়ে বেশি। ২০২৩-২৪ মৌসুমে এর ব্যবহার কিছুটা বেড়ে ১৪ লাখ ৪০ হাজার টন ছাড়িয়ে যাওয়ার ধারণা করা হচ্ছে। এর মধ্যে ১০ লাখ ২০ হাজার টন মাড়াইয়ের জন্য এবং ৩ লাখ ৪০ হাজার টন টফু, সয়া মিল্ক ও সয়া সস তৈরিতে ব্যবহার করা হবে বলে সূত্রে জানা গেছে।









