গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ নিলামে দুগ্ধপণ্যের আন্তর্জাতিক দাম কমেছে। প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬১ ডলারে, যা এর আগের নিলামের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ কম। জিডিটিতে দুগ্ধপণ্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ১ হাজার ১২ পয়েন্টে, যা আগের নিলামে ছিল ১ হাজার ৩৯ পয়েন্ট। 

এবারের নিলামে ১৪৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে বিজয়ী হয় ১২২ জন। নিলামে সর্বোচ্চ সরবরাহ করা হয় ২৯ হাজার ২২৫ টন দুগ্ধপণ্য। এর মধ্যে বিক্রি হয়েছে ২৬ হাজার ৭৯৫ টন। 

নিলামে দাম কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চেডার পনির। আগের নিলামের তুলনায় পণ্যটির দাম ১০ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৫২ ডলার। 

অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম ৩ দশমিক ৮ শতাংশ কমে বিক্রি হয়েছে টনপ্রতি ৫ হাজার ১৫০ ডলারে। মাখনের দাম কমেছে ৩ শতাংশ। প্রতি টন লেনদেন হয়েছে ৪ হাজার ৭৪৮ ডলারে। তবে এবার মাখনযুক্ত গুঁড়া দুধ প্রস্তাব করা হয়নি। 

জিডিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে বিবেচিত ননিযুক্ত গুঁড়া দুধ (ডব্লিউএমপি)। এটি থেকে খামারিরা সরাসরি লাভবান হন। পণ্যটির দাম এক নিলামের ব্যবধানে ১ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টন বিক্রি হয়েছে ৩ হাজার ২২৮ ডলারে। অন্যদিকে ননিবিহীন গুঁড়া দুধের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টন বিক্রি হয়েছে ২ হাজার ৬৪৮ ডলার মূল্যে।