জলবায়ুসহিষ্ণু কৃষি ও টেকসই অর্থায়নের প্রসারে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, পপুলেশন ক্রাইসিস কন্ট্রোল অ্যান্ড ম্যাস এডুকেশন কমিটি (পিসিসি অ্যান্ড এমইসি) এবং এগ্রিপালস। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, পিসিসি অ্যান্ড এমইসির নির্বাহী পরিচালক মির্জা শামীম রেজা এবং এগ্রিপালসের প্রতিষ্ঠাতা ও মালিক মোহাম্মদ ইশরাত উল্লাহ। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং হেড অব এমএফআই ও এগ্রিকালচার ফাইন্যান্স তপস কুমার রায়সহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের এএমডি সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘দেশের কৃষি খাতের অগ্রগতির জন্য কৃষকদের তুলনামূলক কম ইন্টারেস্টে অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে আমাদের জলবায়ুসহিষ্ণু কৃষি কার্যক্রমও সম্প্রসারণ করতে হবে।’ 

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, চুক্তির আওতায় জলবায়ুসহিষ্ণু কৃষি কার্যক্রমে অর্থায়ন সুবিধা দেবে প্রতিষ্ঠানটি। অর্থায়নের ক্ষেত্রে টেকসই অর্থায়নকেও গুরুত্ব দেয়া হবে। এক্ষেত্রে কৃষক ও অর্থায়ন প্রক্রিয়ার মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করবে পিসিসি অ্যান্ড এমইসি। প্রতিষ্ঠানটি সুবিধাভোগীদের কাছে অর্থায়ন পৌঁছানো ও সামগ্রিক বাস্তবায়নে সহায়তা করবে। অন্যদিকে তথ্য ব্যবস্থাপনা ও মনিটরিংসহ অর্থায়ন প্রক্রিয়ায় প্রযুক্তিনির্ভর কারিগরি সহায়তা দেবে এগ্রিপালস।