সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি বেড়েছে। দেশের বাজারে বাড়তি চাহিদার কারণে এর আমদানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) পণ্যটির আমদানি অন্তত দেড় হাজার টন বেড়েছে বলে ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে। এদিকে আমদানি বাড়ায় ভোগ্যপণ্যটির দাম কমে এসেছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত বছরের প্রথম ১০ মাসে মসুর ডাল আমদানির পরিমাণ ছিল ৮২৩ টন। যার আমদানি মূল্য ছিল ৯ কোটি ৬৩ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ২ হাজার ৩৮৯ টনে দাঁড়িয়েছে। এসব ডাল আমদানিতে ব্যয় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে আমদানি বেড়েছে ১ হাজার ৫৬৬ টন।
সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজার ঘুরে জানা গেছে, প্রকারভেদে মসুর ডালের দাম কেজিতে ৬-৭ টাকা করে কমেছে। গতকাল আমদানীকৃত মাঝারি আকারের ভারতীয় মসুর ডাল প্রতি কেজি বিক্রি হয়েছে ১০৬ টাকায়। এছাড়া নেপালি চিকন ১৩০ ও দেশীয় মসুর ডাল ১২০ টাকা দরে বিক্রি হয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, মসুর ডালের দাম কিছুটা কমতির দিকে। বাজারে সরবরাহ বাড়ায় মূলত দাম কমেছে বলে জানান তিনি।










