ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। নাম পরিবর্তন ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে‌ ২৯ জানুয়ারি সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুসারে, কোম্পানিটির নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখা হবে। অন্যদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন বিদ্যমান ১০ কোটি থেকে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইমাম বাটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৪ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। 

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯৭ পয়সায়।