নির্ধারিত রেকর্ড ডেট শেষে আগামীকাল লেনদেনে ফিরছে জ্বালানি খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও এপিএসসিএল (আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড) নন-কনভার্টিবল অ্যান্ড ফুললি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ড। ৪ জানুয়ারি রেকর্ড ডেটসংক্রান্ত কারণে এ দুটি সিকিউরিটিজের লেনদেন বন্ধ ছিল। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।  

মেঘনা পেট্রোলিয়াম: কোম্পানিটির পরিচালকদের পারিশ্রমিকসংক্রান্ত আর্টিকেল সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ বিষয়ে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮ টাকা ৭০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮ টাকা ৪৪ পয়সায়। 

এপিএসসিএল বন্ড: গত বছরের ৫ জুলাই থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় অর্ধবার্ষিকে ইউনিটহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে এপিএসসিএল নন-কনভার্টিবল অ্যান্ড ফুললি রিডিমেবল কুপন বিয়ারিং বন্ডের ট্রাস্টি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৪ জানুয়ারি।

গত ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ে বন্ডহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে বন্ডের ট্রাস্টি। তার আগে গত বছরের ৫ জুলাই থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট হারে মুনাফা দিয়েছে বন্ডটি।