আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময়ে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনও স্পট সেটেলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। অন্তর্বর্তী লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় ১৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

চলতি হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৬৩ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে আলহাজ টেক্সটাইলের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকা। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৪৯ হাজার ৯৫৬ টাকা। এ হিসাবে গত হিসাব বছরে আলহাজ টেক্সটাইলের নিট লোকসান কমেছে ২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৯৮২ টাকা বা ৫০ দশমিক ৭৮ শতাংশ।

২০২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা। ২০১৯ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৮ টাকা ৪৫ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন এনএভিপিএস ছিল ৯ টাকা ৩৮ পয়সা। ২০২০ ও ২০১৯—কোনো হিসাব বছরের জন্যই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি আলহাজ টেক্সটাইল।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দুই হিসাব বছর ও চার প্রান্তিকের পর্ষদ সভা একসঙ্গে করেছে আলহাজ টেক্সটাইল।