দীর্ঘ খরার কবলে পড়েছে আর্জেন্টিনার কৃষি খাত। উৎপাদনে বিঘ্নসহ নানা সমস্যায় পড়েছেন দেশটির কৃষক। তবে খুশির খবর বুয়েন্স আয়ার্স গ্রেনস এক্সচেঞ্জের পূর্বাভাসে বলা হয়েছে, এ সপ্তাহে আর্জেন্টিনার সয়াবিন ও ভুট্টা খেত বৃষ্টির মুখ দেখবে। খবর রয়টার্স।
এক্সচেঞ্জের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মোট বৃষ্টিপাত হতে পারে ১০-৭৫ মিলিমিটার। কিছু এলাকায় ১০০ মিলিমিটার পর্যন্ত। আর্জেন্টিনার কৃষি উৎপাদনকারীরা মারাত্মক খরার কবলে পড়েছেন। প্রাক্কলন অনুযায়ী, এ কারণে চলতি মৌসুমে সয়াবিনের উৎপাদন ২ কোটি ৭০ লাখ টন হবে।
আবহাওয়াবিদ জার্মান হেইনজেনকনেখট জানিয়েছেন, দু-একদিনের মধ্যে বৃষ্টি হতে পারে। তিনি বলেন, ‘লা নিনা আবহাওয়ার কারণে প্রায় এক বছর ধরে চলমান খরার পর বৃষ্টি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। মার্চের শেষ দিকে ঋতু পরিবর্তনের সঙ্গে এবং এপ্রিলের মধ্যে আমরা আরো বৃষ্টির দেখা পাব।’
আগামী মে এর শেষ দিকে গম ও বার্লি রোপণ শুরু হওয়ার সময় আবহাওয়া ভালো থাকার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বুয়েন্স আয়ার্স গ্রেনস এক্সচেঞ্জ বলছে, সারা দেশে রেকর্ড তাপপ্রবাহের পর ঠাণ্ডা ও শুষ্ক মেরু বায়ু দেশে আঘাত হানবে বলে প্রত্যাশা করা হচ্ছে।









