পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পর্ষদ সভা সোমবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরে ইস্টার্ন লুব্রিকেন্টসের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় হয়েছে ১৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫২ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরে একই প্রান্তিকে যা ছিল ২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯০ টাকা ৮০ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ইস্টার্ন লুব্রিকেন্টসের ইপিএস হয়েছে ২১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৫০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৮৮ টাকা ৬৩ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত মোট ৭০ শতাংশ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট ছিল ৪ ডিসেম্বর। 

এর আগে সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৫০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪৩ টাকা ৪৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।