যুদ্ধে লিপ্ত ইউক্রেন ও রাশিয়ার কৃষ্ণসাগর দিয়ে নিরাপদে খাদ্যশস্য রফতানির মেয়াদ আরো ১২০ দিন বাড়ানো হয়েছে। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় এ মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি সামনে এল। ১৮ মার্চ এক ঘোষণায় এ কথা জানানো হয়। খবর রয়টার্স।
২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়। নভেম্বরে আরো ১২০ দিনের জন্য মেয়াদ বাড়ানো হয়। বিশ্বব্যাপী বিদ্যমান খাদ্যসংকট মোকাবেলার লক্ষ্যে এ চুক্তি করা হয়েছিল। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে কৃষ্ণসাগর অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে শস্য রফতানিও বন্ধ হয়ে যায়। জাতিসংঘ ও তুরস্ক জানায় চুক্তিটির মেয়াদ বাড়ানো হয়েছে, তবে কতদিনের জন্য তা নির্দিষ্ট করেনি তারা। ইউক্রেন বলছে, এটি ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে। কিন্তু রাশিয়ার সহযোগিতা প্রয়োজন এবং মস্কো শুধু ৬০ দিনের জন্য চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ, রাশিয়ার খাদ্যপণ্য এবং সার বিশ্ববাজারে সরবরাহের পাশাপাশি বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ।’









