দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ১৪৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এ বৃত্তি দেয়া হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনসিসি ব্যাংক।
সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনসিসি ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জাকির আনাম, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, ইভিপি ও সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজ, এসভিপি ও এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলমসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন বলেন, ‘আর্থিক অসচ্ছলতার কারণে যাতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে এনসিসি ব্যাংক ধারাবাহিকভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে।’
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এ বৃত্তি তাদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন এবং সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’ এ সময় ব্যাংকের এএমডি মো. জাকির আনাম বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই এনসিসি ব্যাংক দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে।’










