ইরানের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তেহরানের বিরুদ্ধে ‘তীব্র হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে, তেহরানের কেন্দ্রে ইরানের শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে জোরালো প্রতিক্রিয়া জানাতে হবে। খবর আল জাজিরা।

মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে, ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং এই প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

এর ঠিক আগে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির জনগণের জন্য এখন আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসা নিরাপদ।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দুটিই মাঝ আকাশে ভূপাতিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টা অভিযানের মাধ্যমে ইসরায়েল তেহরানে রাজনৈতিক এবং প্রতিরক্ষা কাঠামোর ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। বিশেষ করে এমন এক সময়ে যখন অঞ্চলটিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতির অবনতি হলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কূটনীতিকরা।