মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ইলাস্ট্রেটেড ছবি পোস্ট করেছেন। সেসব ছবির একটিতে দেখা যাচ্ছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে তিনি পাথর ও বরফের মাঝে দাঁড়িয়ে আছেন। ট্রাম্পের হাতে মার্কিন পতাকা। সামনে একটি বোর্ডে লেখা- ‘গ্রিনল্যান্ড, মার্কিন ভূখণ্ড, প্রতিষ্ঠিত ২০২৬’।
এদিকে ডাভোসে ভাষণ রাখার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প ফের একবার গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার কথা স্পষ্ট করে জানান। তিনি বলেন ‘গ্রিনল্যান্ড নিয়ে চীন ও রাশিয়ার ঝুঁকির বিষয়ে ন্যাটো ২০ বছর ধরে বলে আসছে। তবে ইউরোপ সে সতর্কবাণী অগ্রাহ্য করছে।’
এ বিষয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হয়েছে। সেই কথোপকথন 'ভালো' ছিল বলে জানান ট্রাম্প। এরই সঙ্গে তিনি ফের একবার বলেন ‘মার্কিন ও বিশ্ব নিরাপত্তার জন্যে গ্রিনল্যান্ড তার চাই।’
এছাড়া ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণও পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেসময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের জন্য ওয়াশিংটন সফর করেছিলেন ইউরোপীয় নেতারা।

তবে ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের ছবিতে, উপস্থাপনা বোর্ডটি এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডকে একটি মার্কিন পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে। মূল ছবিটি ইউক্রেন সংঘাতের সম্মুখ রেখাকে চিত্রিত করেছে।
বিবিসি অবলম্বনে















