যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি একে ‘অকল্পনীয় আগ্রাসন’ বলে আখ্যায়িত করেছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ সকালের ঘটনাগুলো চরম উদ্বেগজনক এবং এগুলোর পরিণতি চিরস্থায়ী হবে।‘

আরাকচি আরো বলেন, ‘জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের এখনই সতর্ক হওয়া উচিত, কারণ এটি একটি চরম বিপজ্জনক, আইনবহির্ভূত ও অপরাধমূলক আচরণ— যা একটি স্থায়ী সদস্য রাষ্ট্রের কাছ থেকে এসেছে।‘ তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের একটি গুরুতর লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান, ‘ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের বিকল্প উন্মুক্ত রেখেছে।‘ তিনি বলেন, এটি শুধু ইরানের ওপর হামলা নয়, বরং একটি আন্তর্জাতিক নিয়মতান্ত্রিকতার ওপর হামলা— যা গোটা বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে।