মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক উত্তজনা ও ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে কাতারে জাতীয় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সরকার সব নাগরিক ও বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং সামরিক স্থাপনাগুলো থেকে দূরে অবস্থানের পরামর্শ দিয়েছে। খবর আল জাজিরা।
আজ শনিবার মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় জরুরি নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ বিশেষ সতর্কতা জারি করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবাইকে বাড়িতে অথবা নিরাপদ ভবনের ভেতরে অবস্থান করতে হবে। বিশেষ করে আল উদেয়িদ বিমানঘাঁটিসহ অন্যান্য সামরিক এলাকার আশেপাশে চলাফেরা না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হন। মূলত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকি এড়াতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ আগাম পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে গুজব এড়িয়ে চলে শুধুমাত্র সরকারি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।















