পাকিস্তানের করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল রাত ১টা পর্যন্ত মৃতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে বলে উদ্ধারকাজে জড়িত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। এর মধ্যে মাত্র সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গতকালও সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। খবর ডন।

এর আগে ১৭ জানুয়ারি রাতে করাচির গুল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমএ জিন্নাহ রোডে অবস্থিত ওই বিপণিবিতানের আগুন ২৪ ঘণ্টার বেশি সময় পর ১৮ জানুয়ারি নিয়ন্ত্রণে আসে। তবে ধ্বংসস্তূপে জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়ায় গত সোমবার নতুন করে অগ্নিনির্বাপণ কাজ শুরু করতে হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে প্লাজার কিছু অংশ ধসে পড়েছিল। ভবনটি ছিল তিনতলা। এতে ১ হাজার ২০০টি দোকান ছিল।