সাফ নারী ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ। গতকাল টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মালদ্বীপকে পাত্তাই দেয়নি সাবিনা খাতুনের দল।

আগেই ৫ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে শিরোপার সুবাস পাচ্ছিল বাংলাদেশ। সমীকরণ ছিল—গতকাল মালদ্বীপকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আর যদি বাংলাদেশ হেরেও যায়, তবু সুযোগ থাকবে। সেক্ষেত্রে নেপালের কাছে ভুটানকে হারতে হবে। যদিও কঠিন কোনো সমীকরণেই যেতে হয়নি বাংলাদেশকে। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে নারী সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা নিশ্চিত করেন সাবিনারা।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাবিনা। একাই করেছেন চারটি গোল। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য ফর্মে থাকা সাবিনা করেছেন সর্বোচ্চ ১৪ গোল।