প্যারিস অলিম্পিকে শীর্ষস্থানের লড়াই দারুণ জমে উঠেছে। দুপুরে চীন, তো রাতে যুক্তরাষ্ট্র দখলে নিয়ে নেয় শীর্ষস্থান। গত দু-তিনদিন ধরে এমনই চলছে। রোববার নবম দিনশেষে পদক তালিকায় চীনকে টপকে শীর্ষে উঠেছিল যুক্তরাষ্ট্র। যদিও সোমবার বিকালে শীর্ষস্থান পুনরুদ্ধার করে চীন। নাটকীয়তা এখানেই শেষ নয়। রাতেই শীর্ষস্থান দখলে নেয় যুক্তরাষ্ট্র!

 

যদিও শীর্ষস্থানে থাকা দুটি দল সমান সংখ্যক স্বর্ণপদক জিতেছে। মোট পদকে এগিয়ে আমেরিকানরা। আজ (৬ আগস্ট) এগারতম দিন বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত ২১টি স্বর্ণপদক সহ মোট ৭৯টি পদক জিতে টেবিলের এক নম্বরে ছিল যুক্তরাষ্ট্র। চীন ২১টি স্বর্ণসহ ৫৩টি পদক জিতে দুইয়ে অবস্থান করছিল। ১১ আগস্ট শেষ হতে চলা প্যারিস অলিম্পিকে মোট পদকে যুক্তরাষ্ট্রকে আর টপকানো সম্ভব নয় চীনের পক্ষে, তবে স্বর্ণের সংখ্যায় তাদের শীর্ষে ওঠার সুযোগ আছে।

 

আজ এগারতম দিন ১১টি স্বর্ণের নিষ্পত্তি হবে। রাতে রয়েছে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট ফাইনাল। আজ মেয়েদের ফুটবলের দুটি সেমিফাইনাল। রাত ১০টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও যুক্তরাষ্ট্র, রাত ১টায় ব্রাজিলের মুখোমুখি হবে স্পেন।


 

সোমবার মেয়েদের চাতকি নিক্ষেপে যুক্তরাষ্ট্রের ভ্যালেরি অলম্যান, মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে কেনিয়ার বিয়াট্রিস চেবেত, মেয়েদের ৮০০ মিটারে ব্রিটেনের কেলি হজকিনসন, ছেলেদের পোলভল্টে সুইডেনের আর্মান্ড ডুবলান্টিস স্বর্ণপদক জিতেছেন।

 

আজ ভোরে তাহিতির সাগরে উত্তাল ঢেউয়ের তালে তালে লড়ে মেয়েদের সার্ফিংয়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন মার্কস ও ছেলেদের ইভেন্টে স্বর্ণ জিতেছেন ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনা। মার্কসের এই স্বর্ণই যুক্তেরাষ্ট্রকে শীর্ষে তুলে নেয়।