অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না। অযৌক্তিক শর্ত মেনে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।’

গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন উপদেষ্টা।

বার্তা সংস্থা এএফপি এবং ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সোমবার জানিয়েছে, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাংকধারী স্কটল্যান্ডকে নেয়া হবে। এ বিষয়ে আসিফ নজরুলকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার জানামতে, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি।’

বিবিসি অবশ্য সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। সংবাদমাধ্যমটিকে জানানো হয়েছে, আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি। বিসিবির প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তাদেরও আইসিসির সঙ্গে কোনো আলোচনা শুরুর পরিকল্পনা নেই।

সামগ্রিক এ টানাপড়েন নিয়ে আসিফ নজরুল বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’

৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা হবে ভারত ও শ্রীলংকায়। নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। জানা গেছে, আইসিসি ভেন্যু পাল্টাতে অনিচ্ছুক। এ নিয়ে আসিফ নজরুল বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পাল্টেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

লিটন দাস টি-টোয়েন্টি বিশ্বকাপের অনিশ্চয়তায় হতাশ। তিনি বলেন, ‘যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের। আপনারা তো এর মধ্যেই জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এ মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।’