আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
এ বছর নভেম্বর ও ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে অক্টোবরে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি টেস্ট খেলবে টাইগাররা। সম্প্রতি অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে টেস্টে হারিয়ে দেয় নাজমুল হোসেনের দল। বছরের শেষ দিকে আরেক পরাশক্তি দক্ষিণ আফ্রিকার মাঠে অগ্নিপরীক্ষায় নামার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা।
অক্টোবর ও নভেম্বরে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে আতিথেয়তা দেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন ফরম্যাটের এ পূর্ণাঙ্গ সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। ম্যাচগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ ও আফগানদের একমাত্র টেস্ট হবে ৯-১৩ অক্টোবর। এছাড়া আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে। ২৩ অক্টোবর ফাইনাল। এরপর জিম্বাবুয়ের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে আফগানরা।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২২-২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট। ৫-৯ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ ম্যাচটি।










