ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর শুক্রবার।

এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি—চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স, সিলেট টাইটানস ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। গত দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারের আসরে অংশ নিচ্ছে না।

তিন পর্বে ভাগ করা হয়েছে এবারের বিপিএল আসর। প্রথমেই সিলেট পর্ব। ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ আয়োজন করবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। সেখানেও সিলেটের সমান ১২টি ম্যাচ রয়েছে। সবগুলো ম্যাচ হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

১৫ জানুয়ারি ঢাকায় শুরু হবে শেষ পর্ব। শেরেবাংলা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের ছয়টি ম্যাচ শেষে রয়েছে প্লে-অফের তিনটি ও ফাইনাল ম্যাচ। ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এবার মোট ম্যাচ ৩৪টি।