চলতি ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সাবেক
চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। আজ শুক্রবার ভোরে চেক রিপাবলিকের খেলোয়াড় ক্যারোলিনা
মুচোভার কাছে ৩-৬, ৬-৭ (৫/৭) গেমে হেরে গেছেন তিনি। হারের পর ওসাকা বলেছেন, প্রতিবার
হারের পর তার মনে হয় যেন হৃদয়টাই মরে গেছে।
২০১৮ ও ২০২০ সালে ফ্লাশিং মিডোতে শিরোপা জয় করা ওসাকা
গত বছরের টুর্নামেন্ট খেলতে পারেননি মা হওয়ার কারণে। গত বছর টুর্নামেন্টের আগে জন্মগ্রহণ
করে তার কন্যা সন্তান শাই। এবার প্রত্যাবর্তনের আসরে তিনি থামলেন দ্বিতীয় রাউন্ডে।
প্রথম রাউন্ডে হারান ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে, যা ছিল চার বছরের মধ্যে শীর্ষ দশের কোনো
খেলোয়াড়ের বিপক্ষে তার প্রথম জয়। যদিও দ্বিতীয় রাউন্ডে শেষ তার যাত্রা। দ্বিতীয় সেটের
টাইব্রেকারে তাকে হারান মুচোভা।
হার শেষে ওসাকা বলেন, ‘এটা কিছুটা কঠিন, কারণ এমন হারগুলো
আমি ব্যক্তিগতভাবে নেই। প্রতিবার হারের পর মনে হয় আমার হৃদয়টা মরে যায়। চেষ্টা করছি
আরেকটু মানসিকভাবে পরিপক্ক হতে এবং এ থেকে শিখতে।’
দুবার ইউএস ওপেন জয়ের পাশাপাশি ২০১৯ ও ২০২১ সালে অস্ট্রেলিয়ান
ওপেন জয় করেন ওসাকা।
এদিকে, ছেলেদের এককে অঘটনের শিকার হলেন তৃতীয় বাছাই স্পেনের
কার্লোস আলকারাজ। বিশ্বের ৭৪ নম্বর র্যাংকধারী নেদারল্যান্ডসের বোটিচ ফন ডি জ্যান্ডশালপের
কাছে ১-৬, ৫-৭, ৪-৬ গেমে হেরে গেছে ২১ বছর বয়সী খেলোয়াড়। রড লেভার ও রাফায়েল নাদালের
পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে একই পঞ্জিকাবর্ষে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন
জয়ের আশায় খেলছিলেন আলকারাজ। অথচ তার বিদায় হলো কিনা প্রথম রাউন্ডেই।
এর মধ্য দিয়ে গ্র্যান্ড স্লামে ১৫ ম্যাচের জয়রথও থামল
আলকারাজের। হার শেষে তিনি বলেন, ‘আমি মনে করি, পুরোটা ম্যাচেই আমার খেলার মান একটি
জায়গায় আটকে ছিল, যা দিয়ে ম্যাচ জেতা কিংবা লড়াই করা সম্ভব নয়। আমি ভালোভাবে বল হিট
করতে পারিনি এবং অনেক ভুল করেছি। আমি যখন ফেরার চেষ্টা করছিলাম ততক্ষণে বেশ দেরি হয়ে
যায়।’
২১ বছর বয়সী আলকারাজ ম্যাচে মোট ২৭টি আনফোর্সড এরর করেছেন,
আর ফন ডি জ্যান্ডশালপ করেছেন ২১টি।










