জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চম দিনে মিরপুর-৬ এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থার সমালোচনা করে বলেন, ভবিষ্যতে তারা ক্ষমতায় এলে ক্রিকেট বোর্ডের সব অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুর ৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন আমিনুল হক। এ সময় সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে আজ ক্রিকেট বোর্ড কলঙ্কিত। তাদের ভুল নীতি আর ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হচ্ছে।’
ক্রিকেট কূটনীতি নিয়ে তিনি বলেন, ‘আজ ক্রিকেট কূটনীতির অভাবের কারণে বাংলাদেশ দল নিরাপত্তা জটিলতায় পড়ছে। নিরাপত্তা পাওয়া আমাদের অধিকার, দেশের স্বার্থ আগে। কিন্তু আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। তাদের এই অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে।’
নির্বাচন পরবর্তী পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘"জনগণের ভোটে আমরা যদি জয়ী হতে পারি এবং আল্লাহ যদি আমাদের কবুল করেন, তবে অবশ্যই এই বোর্ডের প্রতিটি কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হবে। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট কিংবা আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা এই ক্ষতির সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে।’"
গণসংযোগকালে আমিনুল হকের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে দোয়া চান এবং দেশের ক্রীড়াঙ্গনসহ সামগ্রিক উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।









