পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃহস্পতিবার রাতে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৯ উইকেটে হেরেছে মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্স। এ ম্যাচে মুস্তাফিজ দুই ওভার বল করে ১৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। তার ব্যর্থতার দিনেই উইকেটে আগুণ ঝরিয়েছেন বাংলাদেশে অপর দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তাদের দল পেশোয়ার জালমি ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে করাচি কিংসকে।

আগে ব্যাট করে লংকান হার্ডহিটার কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৪৬ রানের সৌধ গড়ে পেশোয়ার। ৫২ বলে ১৪টি চার ও ৪ ছক্কায় ১০৯ রান করেন কুশল। অধিনায়ক বাবর আজম ৫১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। ১২ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস খেলেন আবুল সামাদ।

এরপর ছিল নাহিদ রানাদের বোলিং শো। ইফতিখার আহমেদ স্লো বলে প্রথম ওভারেই মুহাম্মদ ওয়াসিমকে সাজঘরে ফেরান। পরের ওভারে করাচি অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আউট করেন বাংলাদেশের পেস তারকা শরিফুল ইসলাম। তৃতীয় ওভারে আবার ইফতিখারের আঘাত। এবার তিনি ফেরান সালমান আগাকে।

666789118_1485986919773089_4757917888775864710_n

ডেভিড ওয়ার্নারকে ফেরালেন শরিফুল। ছবি: পিএসএল

দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপর্যস্ত করাচি পরে নাহিদ রানার পেস আর সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে আরো এলোমেলো। দুজন মিলে নিয়মিত বিরতিতে উইকেট শিকার করলে ১৬.১ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায় করাচি। নাহিদ ৪ ওভারে ৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট, ইফতিখার ৯ রানে ৩ উইকেট আর মুকিম ১৮ রানে নেন ৩ উইকেট। শরিফুল একটু ব্যয়বহুল ছিলেন, তিনি ৩ ওভারে ২৩ রানে ১ উইকেট শিকার করেন। যদিও তার শিকার করা ডেভিড ওয়ার্নারের উইকেটটি বেশ মূল্যবানই ছিল।

এ জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে যায় পেশোয়ার জালমি। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মুলতান সুলতানস।

আজ রাতে মাঠে নামছে বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিজ। রাত ৮টায় তারা খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। মুস্তাফিজ এবং নাহিদ রানা ও শরিফুলরা মুখোমুখি হবেন শনিবার বিকাল সাড়ে ৩টায়।